দস্যুমুক্তির আন্দোলনের পর ৩০ জেলে অপহরণের অভিযোগ, থামছে না আতঙ্ক
রিয়াজুল আকবর, কয়রা (খুলনা): সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে উপকূলজুড়ে জেলে ও বনজীবীদের আন্দোলনের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বনের নদী ও খালে। দস্যুবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়া জেলেদের ছবি দেখে পরিচয় শনাক্ত করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি বেড়েছে চাঁদার পরিমাণ। চাঁদা দিয়েও মিলছে না নিরাপত্তা। মাছ ও কাঁকড়া আহরণে গিয়ে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবির মুখে পড়ছেন বনজীবীরা।
সাম্প্রতিক সময়ে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এতে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান, কালাবগী, কয়রা উপজেলার ভাগবা, হড্ডা, মহেশ্বরীপুর, মঠবাড়ী, কয়রা, পাতাখালী, জোড়শিং, আংটিহার, গোলখালী, ঘড়িলাল, দশহালিয়া ও গোবরা এবং শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ ও রমজাননগর এলাকার জেলে পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
দস্যুমুক্ত আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত ২৮ অক্টোবর শ্যামনগরের গাবুরা থেকে আন্দোলন শুরু হয়। পর্যায়ক্রমে তা সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও নৌ সমাবেশের মাধ্যমে বনজীবীরা তাঁদের দাবি জানাচ্ছেন।
আন্দোলনের সমর্থনে গত ৪ নভেম্বর খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলে ও বনজীবীরা। প্রায় দুই ঘণ্টার ওই কর্মসূচিতে বিভিন্ন নৌকা থেকে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রকাশের পর দস্যুরা আন্দোলনকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং তাঁদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আন্দোলনে অংশ নেওয়া জেলে সাইফুল ইসলাম বলেন, কর্মসূচির ছবি দস্যুদের কাছে পৌঁছেছে। ছবি দেখে তাঁদের শনাক্ত করে হুমকি দেওয়া হচ্ছে। ফলে দস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।
বনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিরে আসা জেলেদের বর্ণনা অনুযায়ী, বুড়ির দুনি, ফুলতলা, শিবসা, নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেঁড়ে ও রায়মঙ্গল নদীর বিভিন্ন স্থান থেকে তাঁদের জিম্মি করা হয়। অপহৃত জেলেদের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্যামনগরের মুন্সিগঞ্জের মৌখালী গ্রামের জেলে খোকন গাজী বলেন, আগে বন বিভাগের বৈধ পাস নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করা যেত। এখন বন বিভাগের পাসের পাশাপাশি বিভিন্ন দস্যু বাহিনীর কাছ থেকেও অনুমতি বা কথিত কার্ড সংগ্রহ করতে হচ্ছে।
তিনি জানান, একেকটি নৌকাকে বিভিন্ন বাহিনীর কাছে আলাদাভাবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। কোনো কোনো এলাকায় একাধিক বাহিনীকে টাকা দিতে হয়। দস্যুরা পাঁচ বা দশ টাকার ব্যাংক নোটকে কথিত কার্ড হিসেবে ব্যবহার করছে। নোটের নম্বর নিজেদের খাতায় লিখে রাখে। বনে প্রবেশের সময় সেই নম্বর মিলিয়ে দেখা হয়।
জেলেদের অভিযোগ, এক বাহিনীকে চাঁদা দিয়েও অন্য বাহিনীর এলাকায় প্রবেশ করতে গেলে আবার টাকা দিতে হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আটকে রাখা, মারধর ও পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ফলে মাছ ও কাঁকড়া বিক্রির আয়ের বড় অংশই চাঁদা ও মুক্তিপণ পরিশোধে চলে যাচ্ছে। অনেক জেলেকে ঋণ নিয়ে বনে যেতে হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা অভিযান পরিচালনা করব। জেলে অপহরণের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো জেলের পরিবার আমাদের কাছে অভিযোগ করেনি।’












