লবণাক্ততার সংকটে উপকূলের মাটি ও জল: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষি উৎপাদন হ্রাস, সুপেয় পানির সংকট ও জলাবদ্ধতা মোকাবিলায় স্থানীয় জ্ঞানভিত্তিক কৃষিপ্রতিবেশবিদ্যার ওপর গুরুত্ব দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে “মাটি, জল, জীবন: লবণাক্ত উপকূলের বাস্তবতা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাকড়াতলীআটি গ্রামের কাকলী রাণীর বাড়িতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কৃষক, নারী, যুব প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মশালার শুরুতে জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক আল্পনা রাণী মিস্ত্রী এবং শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক গোবিন্দ ম-ল উপকূলের পরিস্থিতি তুলে ধরেন। স্থানীয় জনগণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াসের মাধ্যমে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।












