শ্যামনগরে দুই খাল উন্মুক্তকরণ ও জলাবদ্ধতা নিরসনে গণশুনানি
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ইউনিয়নের ৫ হাজার বিঘা কৃষি জমির পানি নিষ্কাশনের পথ সুগম করতে দুটি খালের চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে শিমনখালী ও বুড়িগোয়ালিনী খালসহ এলাকার সব জলধারা উন্মুক্ত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা অ্যাডভোকেসি দলের সদস্যসচিব পীযূষ বাউলিয়া পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি সদস্য মুকুন্দ পাইক, উমা রানী, অ্যাডভোকেসি লিডার আব্দুল হাকিম, প্রজেক্ট অফিসার নাজিমুদ্দিন আহমেদ, ফিল্ম ফ্যাসিলিটেটর মায়া রানী, সিডিও ফিল্ম অর্গানাইজার মিনারুল হক ও শিরিনা আক্তার।
গণশুনানিতে আবাদ চ-ীপুর শিমনখালী খালের স্থানীয় বাসিন্দা সমাজসেবক সাহাদাৎ হোসেন ও নূর মোহাম্মদ নিজ নিজ দাবি তুলে ধরেন। অন্যদিকে বুড়িগোয়ালিনী খালের অবৈধ দখল, নেট ও পাটা অপসারণের দাবি জানান প্রশান্ত জোয়ারদার।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৩টি খালের প্রায় সব কটিই আংশিক বন্ধ কিংবা দখলে রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি আব্দুর রউফ জানান, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দূর করতে শিগগিরই নেট-পাটা অপসারণ করা হবে। পাশাপাশি পরবর্তী ইউনিয়ন পরিষদের মাসিক সভায় দুটি খাল উন্মুক্ত রাখা ও বন্দোবস্ত বাতিলের প্রস্তাব রেজুলেশন আকারে পাস করে উপজেলা সমন্বয় কমিটিতে জমা দেওয়া হবে। কৃষিভিত্তিক এই দুটি খালের জলাবদ্ধতা দূরীকরণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।












