শ্যামনগরে যাতায়াতের পথ দখল করে ধান রোপণের অভিযোগ
সংবাদদাতা: শ্যামনগর উপজেলার গাংআটি গ্রামে একটি পরিবারের বাড়িতে যাতায়াতের পথ দখল করে ধান রোপণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, ওই পথ যে জমির ওপর দিয়ে গেছে, সেটি তাঁদের পূর্বপুরুষ মৃত আনছার আলী সরদারের নামে রেকর্ডভুক্ত। জমি নিয়ে বিরোধের জেরে পথের অংশ দখল করে ধান রোপণ করায় তাঁদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা ওই পথ দিয়ে বাড়িতে যাতায়াত করছেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন সেখানে ধান রোপণ করেন। এতে বাড়িতে প্রবেশ ও বের হতে সমস্যায় পড়তে হচ্ছে। বিরোধপূর্ণ জমির মালিকানা-সংক্রান্ত রেকর্ডপত্র তাঁদের কাছে রয়েছে বলেও দাবি পরিবারটির। অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন গাংআটি গ্রামের আব্দুর রউফ, আব্দুর নূর, আব্দুর রাজ্জাক, আসাদুল, ইমদাদুল, মনোয়ারা (মনু), সাহাজান সরদার, হাসেম সরদার, আশরাফ সরদার, মোসলেম সরদার, মোশাররফ সরদার, মোজিবার রহমান ও হাবিবউল্লাহ সরদার।
পথ বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন চলাচলের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহন এবং কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা-নেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামে জমি ও যাতায়াতের পথ নিয়ে তৈরি বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে সামাজিক উত্তেজনা বাড়তে পারে। প্রশাসনিক তদন্তের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ ও যাতায়াতের পথটি উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।












