সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সাইকেল র্যালি
পত্রদূত ডেস্ক: পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ‘শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’ এবং গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
র্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ রোধে নানা সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজমিরা খাতুন, রাফিদ রাহি, তাপস মন্ডল ও আবু তায়ের।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ের তীব্র তাপপ্রবাহের মূল কারণ অনিয়ন্ত্রিত বৃক্ষনিধন। প্রকৃতির ভারসাম্য ফেরাতে বেশি করে গাছ লাগানো ও প্লাস্টিক দূষণ বন্ধে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা প্রয়োজন।












