সাতক্ষীরা পৌর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের পৌর জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর শাখার আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
তিনি উল্লেখ করেন, দায়িত্ব পাওয়া সম্মানের বিষয় নয়, এটি একটি আমানত। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করাই প্রধান কর্তব্য। তিনি মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করার ওপর জোর দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।












