নদী ও খাল রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশনের
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নদী ও খালের অবৈধ দখল, নাব্যতাসংকট এবং পরিবেশগত সমস্যা কাটিয়ে উঠতে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপাক) ও স্থানীয় পরিবেশবাদীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, শুধু আইনি পদক্ষেপ দিয়ে নদী রক্ষা সম্ভব নয়, সর্বস্তরের মানুষকে এতে যুক্ত হতে হবে। সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনে ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন তিনি। সভায় ‘দ্য ডেইলি স্টার’-এর সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ‘এটিএন বাংলা’র এম কামরুজ্জামান, ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন এবং ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












