কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল
নিজস্ব প্রতিনিধি: কাঁকড়া, কুঁচিয়া, ঝিনুক ও শামুক রপ্তানিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল। তাঁর প্রতিষ্ঠান ‘আকুয়ামেক্স লিমিটেড’ বুড়িগোয়ালিনী এলাকায় সফটশেল কাঁকড়া উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে দীর্ঘদিন ধরে কাজ করছে।
রোববার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে মৎস্য খাতের বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সহিদুল ইসলাম জুয়েলের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুন্দরবনসংলগ্ন উপকূলীয় শ্যামনগরের অর্থনীতিতে সফটশেল কাঁকড়া চাষ ও রপ্তানি একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত। এই প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় বহু চাষি, সংগ্রহকারী ও শ্রমিক জড়িত রয়েছেন। জাতীয় পর্যায়ে এই রাষ্ট্রীয় স্বীকৃতি অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পদক বিতরণ শেষে পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।












